কমলাপুরে ৫ কেজি সোনা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনে আজ শনিবার সকালে পাঁচ কেজি সোনা ও দেড় হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাহুল (২৮), নোটন (২১) ও ইউসুফ (৪৮)। তাঁদের মধ্যে রাহুল ও নোটনের কাছ থেকে সোনা এবং ইউসুফের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা ৩২টি সোনার বারের আনুমানিক দাম দুই কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদের ভাষ্য, সকাল আটটার দিকে চট্টগ্রামের তূর্ণা নিশীথা ট্রেনে করে তিনজন ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেন থেকে নামার পর পরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাহুল ও নোটন প্যান্টের কোমড়ের অংশের কাপড়ের মধ্যে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। রাহুলের কাছে ১৯টি ও নোটনের কাছ থেকে ৩২টি বার উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে সোনাগুলো পাচার করে ঢাকায় নিয়ে এসেছেন। কমলাপুর স্টেশনে তাঁদের অন্য এক দলের কাছে চালানটি তুলে দেওয়ার কথা ছিল। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে ওই তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।