কমলাপুরে ট্রেন থেকে দেড় কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল বুধবার দেড় কেজি স্বর্ণসহ জাহাঙ্গীর আলম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা তিনটার দিকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
পুলিশ দাবি করেছে, জাহাঙ্গীরের কাছে ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, স্বর্ণ আছে সন্দেহে ট্রেনের ভেতর থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। শুরুতে তিনি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। থানায় এনে তাঁর দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তাঁর জুতার ভেতর থেকে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ ঢাকায় আনা হয়েছিল।
ওসি আরও জানান, বড় একটি চক্র এই স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। জাহাঙ্গীরকে আজ বৃহস্পতিবার আদালতে নেওয়া হচ্ছে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।