কমলাপুরে লেগুনায়, আবদুল্লাহপুরে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকায় বিকেল সোয়া চারটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: আশরাফুল ইসলাম
মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকায় বিকেল সোয়া চারটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: আশরাফুল ইসলাম

অবরোধ চলাকালে আজ রোববার রাতে রাজধানীতে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দক্ষিণ কমলাপুরে একটি লেগুনায় এবং আবদুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে তারা।
লেগুনার চালক মো. সেলিম দগ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম মুগদা এলাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে মতিঝিল ফিরছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে সরদার গার্মেন্টসের নিচে এলে কয়েকজন দুর্বৃত্ত এসে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হন। পরে দুজন ব্যবসায়ী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা ব্যবসায়ী ইমরান চৌধুরী জানান, তাঁরা লেগুনায় আগুন জ্বলতে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন চালকও আগুনে দগ্ধ হয়েছেন।
এদিকে, রাত পৌনে আটটার দিকে আবদুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, বাসটিতে আগুন লাগার খবর শুনে টঙ্গী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এর আগে বিকেল সোয়া চারটার দিকে মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।