কমলাপুরে ১ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আজ সকালে এক হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম বাপ্পা (২৪) ও মোহাম্মদ সানি (২৫)।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ওয়ার্ম আপ নামের একটি ট্রেন আজ সকাল আটটায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ওই ট্রেনে শরিফুল আর সানি ছিলেন। ট্রেন থেকে নামার পর তাঁদের গতিবিধি দেখে জিআরপি পুলিশের সন্দেহ হয়। তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে এক হাজার ইয়াবা বড়ি পাওয়া গেলে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জিজ্ঞাসাবাদে শরিফুল ও সানি বলেছেন, চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি এনে ঢাকার বিভিন্ন স্থানে খুচরা আকারে বিক্রি করেন তাঁরা।
ওসি ইয়াছিন ফারুক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রকে ধরার চেষ্টা চলছে।