কমলাবাহী ভ্যানে ইয়াবা, চালকসহ আটক ২
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার ভোরে কমলাবাহী একটি কাভার্ড ভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত অভিযোগে চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম (২৭) ও ভ্যানের কর্মচারী সোহেল ওরফে সোহাগ (২৮)।
র্যাব-৭ এর অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী পৌরসভার রামপুর রাস্তার মাথা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। আজ ভোরে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু ভ্যানটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ভ্যানসহ চালক ও কর্মচারীকে আটক করা হয়।
মেজর মোজাম্মেল হোসেন আরও বলেন, কাভার্ড ভ্যানের ভেতরে তল্লাশি চালিয়ে এক হাজার ৪০৩ কার্টন কমলার আশপাশে লুকিয়ে রাখা ৬৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।