কমিউনিটি ক্লিনিকে অনৈতিক কাজের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গতকাল বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। এলাকার কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে তিনি অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে ছাত্রলীগ নেতা আক্তার হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, অপপ্রচার চালিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার সকালে আক্তার হোসেন জনতা বাজার কমিউনিটি ক্লিনিকে এক তরুণীকে নিয়ে যান। ওই সময় কয়েকজন রোগী চিকিৎসা নিতে এসে ক্লিনিকের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করলে আক্তার হোসেন দরজা খুলে ডাক্তার নেই বলে তাঁদের পরে আসতে বলেন। রোগীদের কাছে এ ঘটনা শুনে ক্লিনিকের পাশের কয়েকজন দোকানদার এগিয়ে গেলে আক্তার হোসেন ওই তরুণীটিকে নিয়ে মোটরসাইকেলে করে চলে যান। পরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘটনার বিচারের দাবিতে ক্লিনিকটিতে তালা ঝুলিয়ে দেন।
জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আক্তার হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সেবাদানকারী কর্মী মণি রানী দাস বলেন, ‘ঘটনার দিন (সোমবার) তিনি সিভিল সার্জন কার্যালয়ে এক দিনের প্রশিক্ষণে ছিলেন। পরিবারকল্যাণ সহকারী সুরমা বেগম ওই দিন ক্লিনিকের দায়িত্বে ছিলেন।’
এ বিষয়ে মুঠোফোনে সুরমা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
আলেকজান্ডার স্বাস্থ্য উপকেন্দ্রের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান বলেন, সেদিন কমিউনিটি ক্লিনিক কেন বন্ধ ছিল, বিষয়টির তদন্তে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে তিনিও রয়েছেন। তাঁরা কাজ শুরু করেছেন।