কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় ছোটাবাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা এমটিআই ফিরোজ মাহমুদের বিরুদ্ধে মামলা করেছেন।
রাঙ্গাবালীর বাহেরচর বন্দরের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার বিকেলে ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বাবুল ফরাজীর ছেলে মো. ইমাম উদ্দিনকে (২) অসুস্থ অবস্থায় বাহেরচর বন্দরে অবস্থিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক এমটিআই ফিরোজ মাহমুদের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়। ফিরোজ মাহমুদের পরামর্শে ওই ডায়াগনস্টিক সেন্টারে তাৎক্ষণিকভাবে নেবুলাইজার যন্ত্র দিয়ে শিশুটিকে নেবুলাইজড করার প্রক্রিয়া শুরু হয়। নেবুলাইজেশন চলাকালে বিকেল পাঁচটার দিকে শিশুটি মারা যায়।
শিশুটির বাবা বাবুল ফরাজী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে সামান্য শ্বাসকষ্টে ভুগছিল। ডাক্তার ফিরোজ যখন ওকে গ্যাস দিতে শুরু করে, তখন ওর শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়। ছেলের কষ্ট দেখে আমি ডাক্তারকে গ্যাস দিতে নিষেধ করি। কিন্তু তিনি তা শোনেনি। গ্যাস দেওয়া অবস্থায়ই আমার ছেলেটি মারা গেছে। আমার ধারণা, ছেলেকে যে গ্যাস দেওয়া হয়েছে, তা সঠিক ছিল না।’
এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক ফিরোজ মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইমাম উদ্দিন নামের ওই শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাই তাকে নেবুলাইজেশন করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি শিশুটিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছিল। শ্বাসকষ্ট বেশি হওয়ায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির নেবুলাইজেশনের ব্যবস্থা করা হয়। তবে নেবুলাইজেশন করানোর আগেই শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে অন্য কোনো ওষুধ দেওয়ারও সুযোগ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় নিহত শিশুটির বাবা বাবুল ফরাজী বাদী হয়ে শুক্রবার রাতে রাঙ্গাবালী থানায় ফিরোজ মাহমুদের বিরুদ্ধে মামলা করেছেন। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।