কমিউনিটি সেন্টারের টাকা কর্তার পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারটি কমিউনিটি সেন্টারের ৬৬ লাখ টাকা আত্মসাৎ হয়েছে। তথ্য গোপন ও জালিয়াতি করে কাজটি করেছেন ডিএনসিসির কর্মকর্তা সফিকুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক। টাকা ফেরত দিতে বলা হলেও তিনি তা দিচ্ছেন না।
সফিকুল ইসলাম ডিএনসিসির অঞ্চল-৫-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা ছিলেন। এ ছাড়া অঞ্চল-৪-এর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার, রায়েরবাজার কমিউনিটি সেন্টার, মরহুম আবদুল হালিম কমিউনিটি সেন্টার এবং মাজার রোড ২ নং কলোনিতে অবস্থিত ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের দেখভালের দায়িত্বে ছিলেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত চারটি কমিউনিটি সেন্টার থেকে ৮৯ লাখ ৭৫ হাজার ৬৭৫ টাকা আয়ের প্রতিবেদন জমা দিয়েছেন। কিন্তু সোনালী ব্যাংক কারওয়ান বাজার এবং মিরপুর-১ নম্বর শাখায় ডিএনসিসির ব্যাংক হিসাব বিবরণীতে দেখা যায়, সফিকুল ইসলাম ব্যাংকে জমা দিয়েছেন ৩২ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা। বাকি ৫৬ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।
একই সময়ে সফিকুল ইসলামের দেওয়া ভ্যাটের চালান পর্যালোচনা করে দেখা যায়, ২৯টি চালানের মাধ্যমে তিনি ২ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা জমা দিয়েছেন। অবশিষ্ট ৩ লাখ ৯ হাজার ৮০০ টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দেননি তিনি।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু সফিকুল ইসলামের দেওয়া ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রতিবেদন এবং অফিসের আদেশ মোতাবেক আয় পর্যালোচনা করে দেখা যায়, তিনি ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা কম জমা দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে সফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ। ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়েও এখন আর তিনি যাচ্ছেন না।
ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও সফিকুল ইসলামকে খুঁজে পাচ্ছি না। তিনি এখন আর যোগাযোগ করছেন না। তাঁকে টাকা ফেরত দিতে বলা হলেও তিনি দিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’
এ ধরনের প্রতারণা বন্ধে কী করা হচ্ছে, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘আগে কমিউনিটি সেন্টারগুলোর ভাড়া নেওয়া হতো নগদ টাকায়। বর্তমানে ভাড়ার টাকা পে-অর্ডারের মাধ্যমে সরাসরি করপোরেশনের ব্যাংক হিসাবে জমা নেওয়া হচ্ছে। ভাড়া হওয়ার সঙ্গে সঙ্গে কমিউনিটি সেন্টারের পাশাপাশি সিটি করপোরেশনের একটি নিবন্ধক বইতেও তা লিপিবদ্ধ করা হচ্ছে। এটি ডিএনসিসির জন্য শিক্ষা। ভবিষ্যতে যাতে এমন জালিয়াতির ঘটনা না ঘটে সে বিষয়ে আরও সতর্ক হচ্ছি।’