মেহেরপুরের গাংনী পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে গত শনিবার রাতে কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন বলেন, শনিবার রাতে পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে গাংনীর দলীয় কার্যালয়ে সভা চলছিল। রাত নয়টার দিকে কমিটি গঠন নিয়ে মতানৈক্য দেখা দেয়। পরে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদ আলী ১৬ ভোট পেয়ে জয়ী হন। আর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর ইনসারুল হক দুই ভোট পেয়ে পরাজিত হন। তখন ইনসারুলের সমর্থকেরা হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করেন।
তবে ইনসারুল হক দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করে বলেন, সেখানে ভোট গ্রহণের কোনো ঘটনা ঘটেনি। দলের সাবেক সাংসদ ও সভাপতি নিজের পছন্দের লোকদের নিয়ে অগণতান্ত্রিকভাবে সভাপতি নির্বাচিত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা দলীয় কার্যালয় ত্যাগ করেছেন।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে শনিবার রাতে বিএনপির কর্মীরা তাঁদের দলীয় কার্যালয় ভাঙচুরসহ শহরে উত্তেজনা সৃষ্টি করেন।
এ কারণে গতকাল সকালে অভিযান চালিয়ে বিদ্যুৎ হোসেন, আবু হানিফ, রোকন উদ্দিন ও বাবু হোসেন নামের বিএনপির চার কর্মীকে আটক করা হয়। পরে তাঁদের দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় কেউ তাঁদের বিরুদ্ধে মামলা দিলে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হবে।