কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর এলাকায় গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর এলাকায় গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l ছবি: প্রথম আলো

কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে পারভেজ মিয়া নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

গতকাল সোমবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও হুমায়ুন কবির পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে হুমায়ুন পক্ষের মানিক মিয়া (২৫), হাসিনা বেগম (২৪), মকবুল হোসেন (২২), মোহাম্মদ আলী (২৮), আবু সামা (১৮), আনোয়ার হোসেন (৩০), আলমগীর মিয়া (২০), মো. মহসিন (২৫), পারভেজ মিয়া (১৬) এবং জয়নাল পক্ষের বাদশা মিয়া (৪০), রায়হান মিয়া (২২), আক্কাছ মিয়া (৪০), রাজীব হোসেন (২২), আবু বক্কর (৪৫), জুয়েল মিয়াকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের ও কনস্টেবল বকুল মিয়া আহত হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের বাড়ি ভবানীপুর গ্রামে। দলীয় নেতৃত্ব নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় গত ১৬ অক্টোবর নবীন লীগের শ্রীনগর ইউনিয়ন কমিটি গঠন করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ কারণে কমিটি গঠন স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর স্থানীয় নিউ টাউনের তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নবীন লীগের কমিটি ঘোষণা  করেন। এতে জয়নাল পক্ষের কুতুব উদ্দিনকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। হুমায়ুন পক্ষের সুলায়মান গণিকে করা হয় সহসভাপতি। কমিটি গঠনের পর পর হুমায়ুন পক্ষের জমির মিয়া নামের এক তরুণ প্রতিপক্ষের ইন্ধনে লাঞ্ছিত হন। ওই ঘটনার সূত্র ধরে গত রোববার রাত ১১টার দিকে ভবানীপুর এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। গতকাল সকাল ১০টা থেকে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে বেলা দুইটা পর্যন্ত। পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের ৫৪টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হুমায়ুন কবির বলেন, ‘আমাদের পক্ষের প্রার্থী গুরুত্বপূর্ণ পদ না পেলেও কমিটি মেনে নিয়েছিলাম। কিন্তু জয়নাল পক্ষের ইন্ধনে আমার পক্ষের জমির মিয়াকে লাঞ্ছিত করা হয়। বিষয়টি আমার পক্ষের কেউ মেনে নিতে পারেনি। এ অবস্থায় প্রতিপক্ষ রোববার রাতে আমাদের বাড়িতে হামলা চালায়। বাধ্য হয়ে প্রতিরোধে নামি।’

জয়নাল পক্ষের শ্রীনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন বলেন, ‘কমিটি গঠনের পর থেকে হুমায়ুন পক্ষ নানাভাবে আমাদের উসকানি দিচ্ছিল। তারপরও আমরা শান্ত ছিলাম। কিন্তু রোববার রাতে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়।’

ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।