কমিটি নিয়ে দ্বন্দ্বে বিদ্যালয়ে তালা, পাঠদান ব্যাহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লি সাইদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে গতকাল সোমবার তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। গোপনে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ গঠন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দেওয়ার অভিযোগে তাঁরা এ কাজ করেন।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ এলাকার হারেজ আলীকে সভাপতি করে একই পরিবারের সাত সদস্যকে নিয়ে কমিটি গঠন করে গোপনে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এর জের ধরে এলাকাবাসী গতকাল দুপুরে বিদ্যালয়টির কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ কারণে দেড় শতাধিক শিক্ষার্থীর পাঠদান বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ বলেন, ‘এলাকার লোকজন এসে তড়িঘড়ি করে তালা ঝুলিয়ে চলে যাওয়ায় আমরা অফিস ও শ্রেণিকক্ষে ঢুকতে পারছি না। ফলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’