কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মন্দিরের প্রতিমা ভাঙচুর!
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মঠখোলাপাড়া গ্রামে পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাধা-গোবিন্দ মন্দিরের আটটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মূর্তিগুলো গত সোমবার রাতে ভাঙচুর করা হয়।
ওই ঘটনায় গতকাল মঙ্গলবার মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায় বাদী হয়ে প্রতিপক্ষ রবিন রায় (৩৮), দীলিপ রায়সহ (৪২) অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই মন্দিরে ১৪ নভেম্বর থেকে ৮ দিনব্যাপী রাসপূজা শুরু হয়। মন্দির কমিটির সভাপতি নরেশের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা ওই পূজার আয়োজন করায় প্রতিপক্ষের লোকজন রাসপূজার অষ্টসখি ও বুড়ি প্রতিমা ভাঙচুর করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মন্দিরটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন পুলিন রায়। ২০১১ সালে পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে নরেশ চন্দ্র রায় ও দিপু চন্দ্র রায়। তখন থেকে ওই কমিটির বিরোধিতা করছেন রবিন রায়, দীলিপ রায়সহ কয়েকজন।
পুলিশ জানায়, মন্দিরে রাসপূজার আয়োজনের জন্য ৫ নভেম্বর বর্তমান কমিটি সভা করে। এ সময় রবিনসহ কয়েকজন নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বাধীন কমিটিকে দিয়ে রাসপূজা করার বিরোধিতা করেন ও হুমকি দেন। এ ঘটনায় ৭ নভেম্বর কমিটির সম্পাদক দিপু রবিনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযুক্ত রবিন বলেন, ‘আমাদের শায়েস্তা করতে নরেশ ও দিপু মন্দিরের প্রতিমা ভাঙচুর করে থানায় মিথ্যা মামলা দিয়েছেন। কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তাঁরা (নরেশ ও দিপু) গায়ের জোরে কমিটি গঠন করে মন্দির পরিচালনা করছেন।’ দীলিপও অনেকটা একই ধরনের অভিযোগ করেন ।
তবে দিপু বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে মন্দিরের পরিচালনা কমিটি গঠন করেছি। বিষয়টি ২০১৩ সালে আদালত পর্যন্ত গড়ালেও আদালত আমাদের কমিটির পক্ষেই রায় দিয়েছেন। এ কমিটি মানতে না পেরে গন্ডগোল সৃষ্টি করতে রাতের অন্ধকারে মন্দিরের আটটি প্রতিমা তাঁরা ভাঙচুর করেছেন।’
এদিকে ওই মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান গতকাল সকালে ঘটনাস্থলে ছুটে যান।
আখতারুজ্জামান প্রধান বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনাটি রহস্যজনক। থানায় মামলা হয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’