বান্দরবানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ‘বাইরের লোকজন’ হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ভাতাপ্রাপ্ত দুই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন তাঁরা। একই অভিযোগ তুলেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটি। গতকাল সোমবার এক বিবৃতিতে দুই মুক্তিযোদ্ধা এবং কমিটি এ দাবি জানায়।
বিবৃতিতে সরকারি ভাতাপ্রাপ্ত দুই মুক্তিযোদ্ধা হলেন আবুল হোসেন ও সুশীল বড়ুয়া এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সাধারণ সম্পাদক জাফর আলম, সহসভাপতি মোহাম্মদ সেলিমসহ ছয়জনের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, গত শনি ও রোববার লামা উপজেলা বাদে জেলার ছয়টি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হয়েছে। কিন্তু যাচাই-বাছাই কমিটির সদস্যদের বাইরেও কয়েকজন ব্যক্তি যাচাই-বাছাইয়ের কাজ প্রভাবিত করেছেন। এ অবস্থায় সঠিক ও নিরপেক্ষ যাচাই-বাছাই হওয়া সম্ভব নয় বলে তাঁরা দাবি করেন।
বিবৃতিদাতারা দাবি করেন, যাচাই-বাছাই কমিটির সবাই মুক্তিযুদ্ধের সময় বান্দরবানের বাইরে ছিলেন। এ জন্য তাঁদের পক্ষে বান্দরবানের প্রকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা সম্ভব হবে না।
এ বিষয়ে বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল কাশেম চৌধুরী বলেন, যাচাই-বাছাইয়ে বাইরের কেউ ছিলেন না। কমিটির বাইরের গণ্যমান্য ব্যক্তিদের সবাই বান্দরবানের স্থায়ী বাসিন্দা এবং তাঁরা বান্দরবানেই যুদ্ধ করেছিলেন। তাঁদের নিয়ে সন্দেহ করার কিছু নেই এবং প্রভাবিত হয়ে নয়, কমিটি নিজেদের এখতিয়ারের মধ্যে থেকেই যাচাই-বাছাইয়ের কাজ করেছে।