কমিটির সদস্য না হওয়ায় মিছিলে বাধা
ছাত্রলীগের কোনো কমিটির সদস্য না হয়েও উপজেলা কমিটির নাম ব্যবহার করে মিছিল বের করতে গেলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পেকুয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র রায়কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইট ছুঁড়ে মারা ছাত্রলীগ কর্মী এইচ এম শওকতকে আটক করেছে পুলিশ।
ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক এহতেশামুল হকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পেকুয়া কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিজয় মিছিল নিয়ে তাঁরা পেকুয়া বাজারে যান। সেখানে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এইচ এম শওকত বিজয় শোভাযাত্রা করার প্রস্তুতি নেন। ছাত্রলীগের সভাপতি-সম্পাদক শওকতকে উপজেলা ছাত্রলীগের ব্যানার ব্যবহার করতে নিষেধ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে শওকতসহ কয়েকজন যুবক একটি ভবনের ছাদে উঠে পড়েন। খবর পেয়ে পেকুয়া থানার এসআই বিপুল চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ভবনের ছাদ থেকে ইট নিক্ষেপ করেন শওকত। একটি ইট এসআই বিপুলের বুকে লাগে। এতে তিনি আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শওকতকে আটক করে।
এসআই বিপুল চন্দ্র রায় বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করলে এইচএম শওকত তাকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এতে তিনি আহত হন।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কোনো কমিটিতেই এইচ এম শওকতের পদ নেই। তারপরও তিনি উপজেলা ছাত্রলীগের ব্যানার ব্যবহার করতে চাইলে আমরা বাধা দিই। ওই সময় শওকত পুলিশের এক এসআইকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এতে পুলিশ কর্মকর্তা আহত হলে শওকতকে আটক করা হয়।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শওকতকে আটকের পর হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।