কমিশনে আটকে আছে কুষ্টিয়ার চাল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সরকারি খাদ্যগুদামে সম্ভাব্য চাল সরবরাহকারীদের কাছে মোটা অঙ্কের কমিশন চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। কেজিতে দুই টাকা হিসাবে এই কমিশনের পরিমাণ দাঁড়াচ্ছে সাড়ে চার কোটি টাকা। এই নেতারা চাল সংগ্রহ কমিটিরও সদস্য। কমিশন নিয়ে দফারফা না হওয়ায় জেলায় চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা যায়নি।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কুষ্টিয়া জেলায় ২৩ হাজার ৩০০ মেট্রিক টন (২ কোটি ৩০ লাখ কেজি) চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১ মে থেকে চাল সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল।
খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকার ৩২ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করবে। আওয়ামী লীগ নেতারা প্রতি কেজিতে দুই টাকা করে প্রায় সাড়ে চার কোটি টাকা দাবি করেন। শুধু কুষ্টিয়া সদর উপজেলা থেকেই ১৮ হাজার ৭৫ টন চাল সংগ্রহ করার কথা।
এই চাল সংগ্রহের জন্য জেলায় ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক। সদস্যসচিব জেলা খাদ্য কর্মকর্তা। জেলার চারজন সাংসদ কমিটির উপদেষ্টা। সদর উপজেলার সাংসদ মাহাবুব উল আলম হানিফের প্রতিনিধি হিসেবে কমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। স্থানীয় সুধীজন হিসেবে কমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম।
মিলমালিক, কৃষি অফিস ও ক্ষমতাসীন দলের সূত্র জানায়, ক্ষমতাসীন দলের যে নেতাদের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে, তাঁরা শুরুতে নিজেরাই পাঁচ হাজার টন চাল সরবরাহের অনুমতি দিতে জেলা প্রশাসককে চাপ দেন। জেলা প্রশাসক সরকারি নিয়মের বাইরে গিয়ে নেতাদের চাল সরবরাহের সুযোগ দিতে অপারগতা জানান। এরপর নেতারা চাল সরবরাহ করতে হলে প্রতি কেজিতে তাঁদের দুই টাকা দিতে হবে বলে চালকলমালিকদের ওপর চাপ সৃষ্টি করেন।
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা। এখানকার মিলমালিকেরা জানান, এ পরিস্থিতিতে জেলা চালকল মালিক সমিতির নেতারা মিলারদের ডেকে গত মঙ্গলবার শহরের মজমপুর এলাকায় ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ৪০-৫০ জন মিলার অংশ নেন। সেখানে মিলাররা কেজিপ্রতি ১ টাকা ২৫ পয়সা করে দিতে একমত হন। কিন্তু কমিটির রাজনৈতিক সদস্যরা এই প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার রাতে মিল মালিক সমিতির নেতারা ক্ষমতাসীন দলের এক নেতার অফিসে আবার বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত সূত্র জানায়, অনেক দেনদরবার হলেও শেষ পর্যন্ত মিলমালিকেরা কেজিপ্রতি দুই টাকা করে দিতে রাজি হন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন মিলমালিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যা কিছু রটে, তার কিছু বটে। জেলায় এটা সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেম থেকে পরিত্রাণ পেতে বৈঠক করা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি, তাঁদের দাবি মানতে হয়েছে। তিনি জানান, মিলাররা চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রোববার জামানতের টাকা জমা দেবেন।
তবে জানতে চাইলে জেলা বোরো চাল ক্রয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘চাল কেনা নিয়ে প্রতিদিনই মিটিং হচ্ছে। এখানে কোনো অনিয়ম করা হবে না।’
জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বাবলু ও সাধারণ সম্পাদক জামসেদ হোসেন মিলাদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও এর বেশি কিছু বলতে রাজি হননি তাঁরা।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাল সংগ্রহ কমিটির সদস্য আজগর আলী গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘চাল সংগ্রহ যাতে আইন মেনে ভালোমতো হয়, সে জন্য আমরা চালকলমালিকদের সঙ্গে বৈঠক করেছি। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ও বুধবার সার্কিট হাউসে বৈঠক করেছি। বলেছি, কোনো যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের জন্য কোটা রাখা যাবে না। নিয়ম মেনে ধান-চাল গুদামে দিতে হবে।’
ধানের দামের তুলনায় সংগ্রহমূল্য বেশি হওয়ায় এবার প্রতি কেজি চালে সরবরাহকারী ৮-১০ টাকা মুনাফা করবে। এখন আওয়ামী লীগ নেতারা তাদের কাছ থেকে প্রতি কেজিতে দুই টাকা করে কমিশন চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গ তুললে আজগর আলী বলেন, ‘আমাদের হানিফ ভাই (মাহবুব উল আলম হানিফ) বলে দিয়েছেন, কোনো অনিয়ম করা যাবে না। আমরা তা মেনে চলছি।’ ৩১ মে থেকে চালকলমালিকেরা সরকারি গুদামে চাল দেওয়া শুরু করবেন বলে জানান তিনি।
১৪-দলীয় জোটের অন্যতম শরিক জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘এই কমিশন বাণিজ্যের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। যাঁরা এসব করছেন তাঁরা শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। আমাদের দলের মন্ত্রীর (হাসানুল হক ইনু) নির্দেশ, যারা কমিশন বাণিজ্য করছে, তাদের রুখে দাঁড়াও।’