কমিশনের টাকা নিয়ে চিকিৎসককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাকিব উদ্দিনকে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে মারধর করে স্থানীয় যুবকরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসকেরা।
বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে রোগী পাঠানোর কমিশনের টাকা নিয়ে গত সোমবার রাতে স্থানীয় কয়েকজন যুবক অতর্কিতভাবে হাসপাতালের সামনেই রাকিব উদ্দীনকে মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা। এতে চরম ভোগান্তি পোহায় চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা।
কর্মবিরতির সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোল্লা কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতাহারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান হাসপাতালে যান।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে স্থানীয় জনগণ চিকিৎসক রাকিব উদ্দীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে জানান রাকিব খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার সময় কুমারখালীতে কয়েকটি রোগনির্ণয় কেন্দ্র ও ক্লিনিকের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে সেখানে রোগী পাঠাতেন। পরে কুমারখালী হাসপাতালে বদলি আসার পর আগের নতুন কয়েকটি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে রোগী পাঠানো শুরু করেন। এতে আগের ক্লিনিক মালিকেরা তাঁর ওপর ক্ষুব্ধ হন।
পরে জেলা প্রশাসক হাসপাতালের আশপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতীক, নোভা, সোহাগ ও আলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে বিভিন্ন অভিযোগের দায়ে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযোগের ব্যাপারে আরএমও রাকিব উদ্দীন বলেন, ‘কমিশনের বিনিময়ে রোগী পাঠানোর অভিযোগ ঠিক নয়।’