বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত পাঁচটি দোকানে অভিযান চালিয়ে কম্পিউটারের পাঁচটি করে সিপিইউ ও মনিটর জব্দ করেছেন। অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে এসব দোকানের মালিকের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গত বুধবার বিকেলে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাহার ইউনিয়নের বলদাহার বাজারে হামিদুল ইসলাম, পাল্লাপাড়া বাজারে শহীদুল ইসলাম, জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া ও বিশা বাজারে আবু সালেহ, ইউসুফ আলী ও আবু নাছেরের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানির বিরুদ্ধে মুঠোফোনে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া ও অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের মুঠোফোনের মেমোরিকার্ডে অশ্লীল ভিডিও দেওয়ার অভিযোগ রয়েছে।
ইউএনও বলেন, ওই সব দোকানি অশ্লীল ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দিতেন। স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে কম্পিউটারের এসব দোকানে অভিযান চালানো হয়। দোকানগুলোয় থাকা সিপিইউ ও মনিটর জব্দ করা হয়েছে; সেই সঙ্গে এগুলোর প্রতিটির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।