কম্পিউটার সামগ্রী বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য ও সেবাকেন্দ্রের জন্য ১০ লাখ টাকা ব্যয়ে ল্যাপটপ কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী দেওয়া হয়। কিন্তু সেসব সামগ্রী বিতরণে তৎকালীন ইউএনও অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে দেখা গেছে, উপজেলার আটটি ইউপির তথ্য ও সেবাকেন্দ্রে ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী সরবরাহের প্রকল্প নেওয়া হয়। ২৩ নম্বর প্রকল্পে চারটি ও ২৪ নম্বরে চারটি তথ্য ও সেবাকেন্দ্র আছে। উপজেলা এই দুটি প্রকল্পের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তাসনোভা কম্পিউটার নামের নওগাঁ জেলা সদরের একটি প্রতিষ্ঠান দুটি প্রকল্পেরই মালামাল সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটির বিল-রসিদে ডেল কোম্পানির ইনটেল কোর আই থ্রি প্রসেসর ও ১৪ ইঞ্চি এলসিডি মনিটরের প্রতিটি ল্যাপটপের দাম ৭৩ হাজার ৩০০ টাকা, উচ্চমানের প্রতিটি ল্যামিনেটিং যন্ত্রের মূল্য ২৬ হাজার ৬০০ টাকা, ২১ পোর্টের আলট্রা প্রতিটি স্পাইরাল মেশিনের মূল্য ২৭ হাজার ৫০০ টাকা, জিপি ইন্টারনেট (ইডিজিই) মডেমের মূল্য ছয় হাজার টাকা, ক্যানন ইপসনের প্রতিটি প্রিন্টারের মূল্য ১৮ হাজার ৭০০ টাকা উল্লেখ আছে। রসিদে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, সেই সময়ের ইউএনও আখতার মামুন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি মাহমুদের স্বাক্ষর আছে।
আটটি ইউপির সচিব এবং তথ্য ও সেবাকেন্দ্রের কয়েকজন উদ্যোক্তা জানান, ২০১৩ সালের ২৭ জুন সেই সময়কার ইউএনও আখতার মামুন তাঁদেরকে ডেকে এনে তিনি প্রত্যেককে একটি কম্পিউটার কম্পোজ করা কাগজ ধরিয়ে যৌথ স্বাক্ষর করার নির্দেশ দেন। ইউএনওর কথামতো তাঁরা সই করেন। এরপর ইউএনও প্রত্যেক সচিবের হাতে একটি করে মোট আটটি ল্যাপটপ তুলে দেন। পরে ইউএনও অন্যত্র বদলি হন। পরে সচিবেরা ল্যাপটপ ছাড়া অন্য মালামাল থাকার কথা জানতে পারেন।
নথি ঘেঁটে দেখা গেছে, তাসনোভা কম্পিউটার প্রতিষ্ঠানটির বিল-রসিদ ২০১৩ সালের ১৭ জুন অনুমোদন করা হয়। পরদিন ১৮ জুন প্রকল্পের টাকা উত্তোলন করা হয়। অনুমোদিত বিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের স্বাক্ষরও নেই। তথ্য ও সেবাকেন্দ্রে মালামাল সরবরাহ করা হয় ২৭ জুন। কিন্তু সরকারি মালামাল ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদার আগে মালামাল সরবরাহ করেন। এরপর বিল দেওয়া হয়। এই দুটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল সরবরাহের আগেই বিল দেওয়া হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফি মাহমুদ বলেন, কম্পিউটার সামগ্রী সরবরাহে অনিয়মের কথা তাঁর জানা নেই।