খুলনার কয়রা উপজেলায় গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, আল-আমিন একটি বনদস্যু বাহিনীর প্রধান ছিলেন। গত রোববার রাতে সুন্দরবনের ঝপঝপিয়ার চর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।
এ বিষয়ে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুঠোফোনে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান প্রথম আলোকে জানান, সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরেই ডাকাতির
সঙ্গে যুক্ত ছিলেন বাহিনীপ্রধান আল-আমিন (২৮। তাঁর পুরো নাম আল-আমিন সানা। বাড়ি ৪ নম্বর কয়রা এলাকায়। তাঁর বিরুদ্ধে কয়রা থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে।
কথিত সেই বন্দুকযুদ্ধের বর্ণনা দিতে গিয়ে এতে অংশগ্রহণকারী ওসি রোকনুজ্জামান বলেন, রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আমাদি বাজারের চাঁদ আলী সেতুর কাছ থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে ডিবি। পরে রাত সাড়ে নয়টার দিকে কয়রা থানার পুলিশের সহযোগিতায় ঝপঝপিয়ার চরে আল-আমিনকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আল-আমিনের সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে দুই পক্ষের গুলি-পাল্টাগুলি চলে। একপর্যায়ে একটি ঝোপের ভেতর থেকে গুলিবিদ্ধ আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে পুলিশের চার সদস্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোকনুজ্জামান আরও জানান, ঘটনাস্থল থেকে আল-আমিনের সহযোগীদের ফেলে যাওয়া সাতটি আগ্নেয়াস্ত্র ও ১৪১টি গুলি উদ্ধার
করা হয়। এর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পয়েন্ট টুটু বোর রাইফেল, একটি একনলা বিদেশি বন্দুক, দুটি দেশি বন্দুক, একটি এয়ারগান।
কয়রা থানার ওসি গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানান, আল-আমিনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কয়রা থানায় আনা হচ্ছে। পরে তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আল-আমিনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।