ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ নিয়ে কয়েক কোটি টাকার লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এ বাণিজ্যের সঙ্গে ছয় সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটির একাধিক সদস্য জড়িত বলে অভিযোগ উঠেছে।
আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের সংশোধিত নীতিমালা অনুসারে নিয়োগ কমিটির সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অন্য সদস্য হলেন সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি, প্রধান শিক্ষক। কমিটিতে সদস্যসচিবের দায়িত্বপালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিএও)।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ শাহানুর আলম গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘তিনি কমিটির সভাপতি হলেও সংশোধিত নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়ার এখতিয়ার শুধু সাংসদের। কমিটি শুধু তিনজনের নাম বাছাই করে সাংসদের কাছে পাঠাবে।’
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ মার্চ উপজেলার সদ্য বিদায়ী ইউএনও মো. অহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। ওই নিয়োগে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের নীতিমালা প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সেবামূল্য (বেতন) হিসেবে ৭ হাজার ২০০ টাকা ও সঙ্গে মহার্ঘ ভাতা ১ হাজার ৫০০ টাকা পাবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৭৮টি পদের জন্য আবেদন জমা পড়েছে ৩৯৮টি। আজ রোববার (১৯ এপ্রিল) ও আগামীকাল ২০ এপ্রিল ইউএনওর কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের অনেক আত্মীয় ওই পদে আবেদন করেছেন।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি চাওয়া হলেও সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ পদে চাকরির জন্য আবেদন করেছেন। অনেকে এই চাকরির জন্য কমিটির সদস্যদের সঙ্গে তিন থেকে পাঁচ লাখ টাকার চুক্তি করেছেন।
উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএমসির সদস্য মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘নিয়োগ নিয়ে এখন দর-কষাকষি চলছে। যাঁরা বেশি টাকা দিতে পারবেন চাকরি তাঁদেরই হবে—এমন আলোচনা চলছে।’ কারা এসব আলোচনা করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি প্রশ্নটা যত সহজে করেছেন উত্তরটা তত সহজে দেওয়া সম্ভব নয়।’
মুক্তিযোদ্ধা মো. বাবুল মিয়া জানান, তাঁর ছেলে ওই পদে চাকরি পেতে আবেদন করেছেন। টাকা লেনদেনের কথা তিনিও শুনেছেন। ছেলের চাকরি নিয়ে নিশ্চিত হতে পারছেন না।
উপজেলার লংপুর গ্রামের এক চাকরিপ্রার্থীর মা সায়েরা বানু বলেন, ‘আমার এক শ টেহা দেওনের খেমতা নাই। আমার ছেড়াডার চাহরি না অইলে কী আর করবাম।’
এ ব্যাপারে গত শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী চাকরির জন্য টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিটি পদে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় একটি মহল এ বিষয়ে অপপ্রচার চালিয়ে বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করছে।’
এ বিষয়ে কথা বলার জন্য সাংসদের মুঠোফোনে দুদিন ফোন দিলেও তিনি ধরেননি। তবে কমিটিতে থাকা তাঁর (সাংসদের)
প্রতিনিধি জ্যেষ্ঠ আইনজীবী আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, ‘সবকিছু স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে।’