আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা কোনো কোনো বিদ্যালয় এখনো ফেরত দেয়নি। কিছু বিদ্যালয় অতিরিক্ত নেওয়া টাকার পুরো বা আংশিক ফেরত দিয়েছে। কোথাও কোথাও অভিভাবকদের ভয় দেখানোর অভিযোগও পাওয়া গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এসএসসির ফরম পূরণে বিভাগভেদে কমবেশি ১ হাজার ৪০০ টাকা নেওয়ার কথা থাকলেও অনেক বিদ্যালয় অতিরিক্ত টাকা নেয় বলে অভিযোগ ওঠে। যেসব বিদ্যালয় ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ড-নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নিয়েছে, ওই অতিরিক্ত টাকা ২০ জানুয়ারির মধ্যে ফেরত দিতে আদেশ দেন হাইকোর্ট। অন্যথায় ওই সব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল বলে গণ্য হবে। এসব কমিটির সদস্যরা পরবর্তী তিন বছরের জন্য ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত ১৪টি বিদ্যালয় টাকা ফেরত দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে। আবার কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক টাকা ফেরত না পাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষা বোর্ডে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বিভিন্ন বিদ্যালয় তাদের অবস্থান জানাচ্ছে। এগুলো যাচাই-বাছাই করে ১ ফেব্রুয়ারি আদালতে জমা দেওয়া হবে। যদি কেউ টাকা ফেরত না দিয়ে থাকে, তাহলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বোর্ড সূত্র জানায়, গতকালই পল্লবীর প্রগতি উচ্চবিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়েছে। এতে বলা হয়, ফরম পূরণের সময় ৭ হাজার ৮০৫ টাকা করে আদায় করা হয়। আবেদনে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দিতে অনুরোধ করা হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ ইউসি উচ্চবিদ্যালয়ের একজন অভিভাবক জমির উদ্দিনও টাকা ফেরত না পাওয়ার বিষয়ে শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেছেন। তাঁর আবেদনের সঙ্গে বেশি টাকা নেওয়া হয়েছে এমন ১৮ শিক্ষার্থীর তালিকাও দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁর সন্তানের ফরম পূরণের সময় ৩ হাজার ৪০০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা এখনো ফেরত দেয়নি বিদ্যালয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রচন্দ্র সরকার দাবি করেন, তাঁরা অতিরিক্ত টাকা নেননি। বিদ্যালয়ের প্রয়োজনে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু অতিরিক্ত ফি নিয়েছেন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন।
তবে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, কয়েকজন অভিভাবক তাঁকে জানিয়েছেন, আইডিয়ালের মতিঝিল শাখা থেকে অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে বলা হচ্ছে, যাঁরা টাকা নেবেন, তাঁদের সন্তানদের সমস্যা হবে। এ জন্য অনেকে ভয়ে টাকা ফেরত নেননি। অধ্যক্ষ বলেন, এ অভিযোগ সঠিক নয়। সবাইকেই টাকা ফেরত দেওয়া হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের টাকা ফেরত দিয়েছে বলে জানিয়েছে। একজন পরীক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের ফরম পূরণের জন্য ৪ হাজার ৩৮৫ টাকা নিয়েছিল। পরে ২ হাজার ৯৪০ টাকা ফেরত দিয়েছে। তাঁর পরিচিত আরও কয়েকজন টাকা ফেরত পেয়েছেন।
হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় জানিয়েছে, তারা বিজ্ঞান বিভাগের প্রত্যেককে ১১৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রত্যেক পরীক্ষার্থীকে ১০৫ টাকা করে ফেরত দিয়েছে। উদয়ন উচ্চবিদ্যালয় জানিয়েছে, তারা বিজ্ঞানে জনপ্রতি ১০ হাজার ৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯৫ টাকা করে নিয়েছিল। এই টাকা থেকে জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা রেখে অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের ফেরত দিয়েছে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ দাবি করেছে, তারা মোট ১৫ লাখ ৪২ হাজার টাকা ফেরত দিয়েছে।
এ ছাড়া ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, মহাখালীর টিঅ্যান্ডটি আদর্শ উচ্চবিদ্যালয়, বাউনিয়াবাদ আইডিয়াল হাইস্কুল, আলহাজ আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় টাকা ফেরত দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে। অবশ্য কয়েকজন অভিভাবক আংশিক টাকা ফেরত পেয়েছেন বলে অভিযোগ করেন। ঢাকা কলেজিয়েট স্কুল জানিয়েছে, তারা অতিরিক্ত ফি নেয়নি।