কর আত্মসাতের অভিযোগ কর আদায়কারীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর আদায়কারী শওকত আলীর বিরুদ্ধে গৃহকরের ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার নগর ভবনে তলব করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সেখানে তিনি আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, শওকত আলী করপোরেশনের রাজস্ব বিভাগের তিন নম্বর সার্কেলের অধীনে কর আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক প্রথম আলোকে বলেন, শওকত আলীর বিরুদ্ধে গৃহকরের ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁকে গত আগস্টের প্রথম সপ্তাহে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আহমুদুল হক বলেন, শওকত আলীকে বৃহস্পতিবার তলব করা হয়। মেয়র ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি আত্মসাৎ করা অর্থ তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি অর্থ ফেরত না দিলে তা তাঁর ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে সমন্বয় করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, আত্মসাৎ করা অর্থ আদায় করা হবে এবং অভিযুক্ত কর আদায়কারীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। মেয়রের সঙ্গে বৈঠকের পর বিষয়টি সমাধান হয়ে গেছে। আর এটি নিয়ে কিছু বলতে অফিস থেকে নিষেধ করা হয়েছে।’