কর কমিশনার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য এবং মংলা কাস্টমস হাউসের সাবেক কর কমিশনার মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, প্রসাধনী পণ্য আমদানির আড়ালে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচারের মামলায় ওই কর কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে নূরুল ইসলামকে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে।

দুদক সূত্র জানায়, ২০১১ সালের ৪ জুলাই বাগেরহাটের মংলা থানায় নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, প্রফেসি শিপিং লাইনসের মালিক জুলফিকার মালেক ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের যোগসাজশে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে মিডিয়া এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংকের খুলনা শাখায় ঋণপত্র (এলসি) খোলেন। ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর ওই ঋণপত্রের বিপরীতে ৪ হাজার ৫৫ মার্কিন ডলার মূল্যের সাবান ও বডি স্প্রে জাতীয় প্রসাধন পণ্য দুবাই থেকে আমদানি করে। কিন্তু মংলা বন্দর দিয়ে ওই সব পণ্য আমদানির আড়ালে অবৈধভাবে ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের বিদেশি মদসহ দুই কন্টেইনার ভর্তি ইলেকট্রনিক ও অন্যান্য পণ্য আমদানি করেন। এভাবে তাঁরা মংলা বন্দর দিয়ে ঘোষণা বহির্ভূত মালামাল আমদানি করে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ওই সময়ে মংলা কাস্টমস হাউসের কমিশনার ছিলেন নূরুল ইসলাম।

গ্রেপ্তারের পর নূরুল ইসলামকে রমনা থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে হাজির করা হতে পারে।