কর কমিশনার জাহাঙ্গীর আলমকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার, চাকরি দেওয়ার নামে প্রতারণা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-৪ এর কমিশনার (আপিল) এস এম জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সম্প্রতি কমিশন এসব অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে। আজ রোববার দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা হয়েছে। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান করে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে ওই সব অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।
মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ৪৭ লাখ ৬৮ হাজার ১৬৮ টাকা আত্মসাতের অভিযোগে ২০০২ সালের ২০ আগস্ট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০০৩ সালে হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করেন। বর্তমানে মামলাটির কার্যক্রম বন্ধ রয়েছে।