কর ফাঁকিতে সহায়তায় কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সহকারী কর কমিশনার জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতার সম্পদ বিবরণীতে প্রকৃত সম্পদ ও আয় না দেখিয়ে কর ফাঁকিতে সহায়তা করার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়।
গতকাল রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এ বরখাস্তের আদেশ দেন। জাহিদুল ইসলাম কর অঞ্চল-৫ এর ১০৩ সার্কেলের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) কর্মকর্তারা কর অঞ্চল-৫ এর ১০৩ নম্বর সার্কেল কার্যালয়ে হানা দেন। কোনো সরকারি দপ্তরে এটাই সিআইসি’র প্রথম অভিযান। অভিযানকালে তাঁরা জাহিদুল ইসলামের অধীনে থাকা করদাতাদের কর নথিগুলো তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। সেখানে দেখা যায়, এক শ’র বেশি করদাতার কর নথিতে সম্পদ ও আয় কম বা বেশি দেখানোতে সহায়তা করেছেন জাহিদুল ইসলাম। এর ফলে প্রকৃত কর থেকে বঞ্চিত হয় এনবিআর। এ জন্যে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ১১ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাঁকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আ. রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে অনিয়ম প্রমাণ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত এখনো চলছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।