করতোয়া দখল করে সীমানাপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদী দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বগুড়া শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদী দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বগুড়া শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদী দখল করে এক ব্যবসায়ী সীমানাপ্রচীর নির্মাণ করছেন। একই এলাকায় ভরাট করে কলাগাছ লাগিয়েছেন স্থানীয় এক বিএনপির নেতা।
সরেজমিনে দেখা গেছে, মাটিডালি বাজার-দ্বিতীয় বাইপাস সংযোগ সড়কে করতোয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পশ্চিম প্রান্তের এক পাশে (দক্ষিণ পাশে) বেশ কিছু অংশ ভরাট করছেন স্থানীয় ব্যবসায়ী আরিফ হোসেন। এ বিষয়ে স্থানীয় তিন-চারজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, নদীর এক পাশে আরিফের ২২ শতক জায়গা আছে। ওই জায়গার সঙ্গে তিনি করতোয়ার প্রায় সমপরিমাণ জায়গা ভরাট করেছেন। দখলের পর নিজের জায়গার সঙ্গে নদীর জায়গায়ও ইটের সীমানাপ্রাচীর তুলছেন। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি বেইলি সেতুর পাশ থেকেই নদী খুঁড়ে মাটি তুলছেন।
নদী দখলের অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, নদীর কিনারে তাঁর ২৩ শতাংশ জায়গা রয়েছে। ওই জায়গার কিছু অংশ নদীগর্ভে গিয়েছিল। সেই জায়গাটুকুই তিনি ভরাট করে ইটের সীমানাপ্রাচীর তুলছেন। নদীর কোনো জায়গা তিনি দখল করেননি।
এদিকে বেইলি সেতুর উত্তর পাশে নদী-সংলগ্ন জায়গা ভরাট করছেন তারেক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় বিএনপির নেতা মাহিদুল ইসলাম গফুর।
সরেজমিনে দেখা গেছে, নদীর ওপরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বেশ কিছু পরিত্যক্ত জায়গা রয়েছে। ইতিমধ্যে করতোয়ার জায়গা ছাড়াও সওজের জায়গা ভরাট করে সেখানে গাছ লাগিয়েছেন মাহিদুল। সেতুর পাশ থেকে নদীর মাটি তুলে ওই জায়গা ভরাট করায় এই পাশেও গভীর খাদের সৃষ্টি হয়েছে।

>নদীর এক পাশে আরিফের ২২ শতক জায়গা আছে। ওই জায়গার সঙ্গে তিনি করতোয়ার প্রায় সমপরিমাণ জায়গা ভরাট করেছেন। নিজের জায়গার সঙ্গে নদীর জায়গায়ও ইটের সীমানাপ্রাচীর তুলছেন। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি বেইলি সেতুর পাশ থেকেই নদী খুঁড়ে মাটি তুলছেন

মুঠোফোনে জানতে চাইলে মাহিদুল নতুন করে জায়গা ভরাটের কথা স্বীকার করে বলেন, সওজের ওই জায়গা এত দিন পরিত্যক্ত ছিল। সেখানে এত দিন কসাইরা গরু-ছাগল জবাই করত। পাশে বাসা হওয়ায় দুর্গন্ধে টেকা যেত না। এ কারণে জনস্বার্থেই জায়গাটুকু শ্রমিক লাগিয়ে ভরাট করছেন। সেখানে বাগান গড়ে তুলবেন। ভরাট করা জায়গা তাঁর হেফাজতে থাকবে। কেউ তা দখল করতে পারবে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সভাপতি সামির হোসেন বলেন, করতোয়াকে বাঁচানোর জন্য দখলদারদের উচ্ছেদে সব সময়ই বাপা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছে। করতোয়ার দখলদার উচ্ছেদে কয়েক মাস আগে হাইকোর্ট রুল জারি করলেও উচ্ছেদের বদলে এখন করতোয়া দখলের রীতিমতো মহোৎসব চলছে। বাপা দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেজবাবুল আলম বলেন, নদী দখলদারদের বিরুদ্ধে সবার আগে এগিয়ে আসা দরকার স্থানীয় প্রশাসনের। তবে ২০১০ সালের সংশোধিত পরিবেশ আইন অনুযায়ী, দখলদারদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরও ব্যবস্থা নিতে পারে। করতোয়া নদীর মাটিডালি অংশে দ্রুত তদন্ত দল পাঠিয়ে দখলদারদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান বলেন, করতোয়া নদী দখল করার বিষয়টি কেউ জানায়নি। দ্রুত খোঁজখবর নিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী (পাউবো) প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, জেলা নদী রক্ষা কমিটির ২৯ ডিসেম্বরের সভায় করতোয়ার সীমানা চিহ্নিত করে সীমানা নির্ধারণী খুঁটি স্থাপন এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অতি দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ১৯ জানুয়ারি পরবর্তী সভার পরপরই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। নতুন ও পুরোনো সব দখলদারকেই উচ্ছেদ করা হবে।