করিমগঞ্জে পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করায় ইউনিয়নের সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা দুইটায় ওই মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।
মাঠে দুই পক্ষের জমায়েতের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল জোরদার করে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ রয়েছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের স্থান নির্ধারণ করে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন।
অন্যদিকে উপজেলার বাসিন্দা কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম একই দিন একই স্থানে ওই ইউনিয়নের সম্মেলন আহ্বান করেন। ফলে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।