করিমগঞ্জে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের অদূরে বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুন শেষ ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সময় দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে তাজুল ইসলামের সমর্থকেরা হামলা চালায়। এতে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই কারণে দেহুন্দা ইউপির ফল ঘোষণা করা হয়নি। এ ঘটনায় ওই দিনই সহকারী প্রিসাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বিএনপির প্রার্থী মো. তাজুল ইসলামকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।