করিমগঞ্জে শত্রুতার জের ধরে ২০টি বাড়িতে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হামলা চালিয়ে কমপক্ষে ২০টি বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে চরদেহুন্দা গ্রামে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে অর্ধশত মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চরদেহুন্দা গ্রামের সোহরাব উদ্দিন নামের একজনের পাশের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামে পুকুর রয়েছে। তিনি এবার ওই পুকুরে মাছ চাষ করেন। এক মাস আগে জটারকান্দা গ্রামের সঞ্জু মিয়া ও তাঁর পক্ষের কয়েকজন ওই পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। সে সময় সোহরাব উদ্দিন তাড়াইল থানায় সঞ্জুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এতে সঞ্জু ও তাঁর পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার সোহরাবের এক ছেলেকে সঞ্জুর লোকজন মারধর করে। ছেলেকে মারধরের অভিযোগে করিমগঞ্জ থানায় আরেকটি মামলা করেন সোহরাব। এসব ঘটনার জের ধরে সঞ্জুর লোকজন বৃহস্পতিবার সকালে সোহরাব উদ্দিনের বাড়িতে প্রথমে হামলা চালায়। এতে সোহরাবের পক্ষের তিনজন এবং সঞ্জুর পক্ষের দুলাল মিয়া নামের এক ব্যক্তি আহত হন। রাত সাড়ে আটটার দিকে দুলাল মিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে সঞ্জুর লোকজন উত্তেজিত হয়ে রাত নয়টার দিকে সোহরাব ও তাঁর লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।
সোহরাব হোসেনের দাবি, সঞ্জুর পক্ষের লোকজন তাঁদের ছয়টি রেফ্রিজারেটর, ১৪টি গরু, দুটি শ্যালো মেশিন, ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ থেকে ৭ লাখ টাকা ও আসবাব লুট করে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লাখ টাকা।
চরদেহুতা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন বলেন, তখন তাঁরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। যাওয়ার সময় তাঁর গরু, দুই হাজার টাকা ও সামান্য স্বর্ণালংকার নিয়ে যায়।
গরু, ধান ও চাল লুট হয়েছে আরেক গৃহবধূ রোকেয়া বেগমেরও। গতকাল শনিবার তিনি বলেন, ‘রান্না করার মতো কিছু ছিল না বলে দুপুরে তিনিসহ পরিবারের অন্য সদস্যরা না খেয়ে আছেন।’ সুরুজ আলী নামের এক ব্যক্তি বলেন, হামলাকারীরা তাঁর ঘর থেকে এক ভরি স্বর্ণালংকার ও কয়েক হাজার টাকা নিয়ে গেছে।
হামলা চালানোর কথা স্বীকার করলেও লুটপাট চালানোর কথা অস্বীকার করেছেন সঞ্জু মিয়া। তিনি বলেন, ‘সোহরাব আমার পক্ষের একজনকে মেরে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে। দুটি মিথ্যা মামলা করেছে। এসব ঘটনায় সোহরাবের সঙ্গে আমাদের বিরোধ আছে। ক্ষোভ থেকে কিছু ঘটনা ঘটেছে।’
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী গতকাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।