করিমগঞ্জে হত্যা মামলার বাদী ও সন্তানদের প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বামী হত্যার অভিযোগে মামলা করে বিপদে পড়েছেন এক গৃহবধূ। মামলার আসামিরা তাঁকে ও তাঁর তিন সন্তানকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তিনি সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ওই গৃহবধূর অভিযোগ, পুলিশ ঘটনার দুই মাস পরও মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অথচ তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে তাদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে।

করিমগঞ্জের কলাবাগ গ্রামের হাসিনা আক্তার নামের ওই গৃহবধূ অভিযোগ করেন, জমি নিয়ে তাঁর স্বামী হোটেল ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার সঙ্গে একই এলাকার কয়েকজনের বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস বৈঠক হয়। এসব সালিসে দলিলপত্র দেখে গণ্যমান্য ব্যক্তিরা তাঁর স্বামীর পক্ষে সিদ্ধান্ত দেন। কিন্তু প্রতিপক্ষ বারবারই এ সিদ্ধান্ত অমান্য করেছে। এর জের ধরে গত ১৭ জুলাই রাত ১১টার দিকে হোটেল ব্যবসার আলাপ-আলোচনার কথা বলে উজ্জ্বলকে এলাকার সিরাজুল ইসলাম ওরফে নান্নু মিয়ার করাতকলের পেছনে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে করাতকলের মালিক, জয়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাদিস মিয়াসহ আরও কয়েকজন উজ্জ্বলকে পিটিয়ে অজ্ঞান করেন। পরে তাঁরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় গত ২৩ জুলাই উজ্জ্বলের স্ত্রী হাসিনা আক্তার করিমগঞ্জ থানায় নান্নু মিয়া ও হাদিস মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উজ্জ্বল হত্যা মামলার বাদী ও তাঁর তিন সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য হাদিস মিয়া ও নান্নু মিয়ার মুঠোফোনে বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

হাসিনা অভিযোগ করেন, মামলা করায় খুনিরা তাঁর তিন সন্তানসহ তাঁকে গলা কেটে হত্যা করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে পুলিশের কাছে গেলে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন হাসিনা।

 করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, মামলা করার পর থেকে আসামিরা গা-ঢাকা দিয়েছেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এতে পুলিশের কোনো গাফিলতি নেই।