করিমগঞ্জে হামলায় কৃষক পরিবারের ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দিঘরকল্লা গ্রামে এক কৃষক পরিবারের ওপর স্থানীয় প্রভাবশালী আবু সিদ্দিকের লোকজনের হামলায় শিশুসহ ১০ জন আহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় গুরুতর আহত কৃষক আবদুল লতিফ (৫৫), তাঁর বোন রাবিয়া বেগম (৬৭), অজুফা আক্তার (৬৫) ও রমজান বেগমকে (৫০) কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া হামলায় আহত আবদুল লতিফের ছেলে হারুন মিয়া (১৭), মেয়ে সুবর্ণা আক্তার (১৩), রুবিনা আক্তার (১৪), সালমা বেগম (১৮) ও ভাগনে আশকর আলীকে (৪২) করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রামবাসী ও হামলার শিকার হওয়া পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, কৃষক আবদুল লতিফ তাঁর বাড়ির পাশের একখণ্ড খাসজমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। গতকাল ভোরে ভাগনে আশকরকে নিয়ে সেখানে বোরোর চারা রোপণ করতে যান তিনি। সকাল ১০টার দিকে প্রভাবশালী আবু সিদ্দিকের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের বাঁচাতে কৃষক পরিবারটির নারী ও শিশুরা ছুটে গেলে তাদেরও পেটায় হামলাকারীরা।
গ্রামবাসী জানান, কয়েক মাস ধরে আবু সিদ্দিক ওই জমিটি তাঁর বলে দাবি করে আসছেন। এর পর থেকেই কৃষক পরিবারটিকে জমি ছেড়ে দিতে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। এ নিয়ে গ্রামে দুটি সালিস বৈঠকও হয়। কিন্তু আবু সিদ্দিক জমির মালিকানাসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
আবদুল লতিফ বলেন, ‘আমি গরিব মানুষ, অনেক দিন ধইরাই জমিটা চাষ দিতাছি। আবু সিদ্দিক জোর কইরাই ওই জমির দখল নিতে চান। তাই তাঁর লোকজন এ হামলা চালাইছে।’
আবু সিদ্দিক বলেন, ‘জমিটি আমার। লতিফ কেন আমার জমিতে ধান লাগাতে আসছে, সেটা তাঁরে জিজ্ঞাসা করুন।’
করিমগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।