করিমগঞ্জে হামলায় আহত কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে সন্ত্রাসী হামলার আহত দুলাল মিয়া নামে এক কৃষক পাঁচ দিন পর মারা গেছেন।
দুলালের পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার মহাখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল। গত বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাঁর সহযোগীরা দুলালকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ করেছে দুলালের পরিবার।
এ ঘটনায় পরদিন শুক্রবার দুলাল মিয়ার ছেলে আল-আমিন বাদী হয়ে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব উদ্দিন ও তাঁর তিন ভাইসহ ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামের দুলাল মিয়া (৬০) বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গুদারাঘাট এলাকার বৌ বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে পথে চরদেহুন্দা এলাকায় আসামিরা তাঁর ওপর হামলা চালান।
নিহত দুলাল মিয়ার ছেলে বাবুল মিয়াসহ তাঁর তিন স্বজন অভিযোগ করেন, ঘটনার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের ধরছে না। আসামিরা নানাভাবে তাঁদের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে কথা বলতে সোহরাবের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, আসামিরা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।