করিমগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ পাপিয়া আক্তার (২০) গত বৃহস্পতিবার মারা গেছেন। ২ মে পাপিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
পাপিয়ার পরিবার সূত্রে জানা গেছে, ২ মে পাপিয়ার শ্বশুরবাড়িতে তাঁকে মারধরের ঘটনা নিয়ে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু সালিসের আগেই পাপিয়ার দেবরসহ কয়েকজন মিলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। ওই দিনই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তিনি সেখানে মারা যান। এ ঘটনায় ২ মে রাতে পাপিয়ার বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে পাপিয়ার স্বামী, শ্বশুর-শাশুড়ির পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, ‘পাপিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। আগের দায়ের হওয়া মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।’