লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুল হক তাঁর লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ অভিযোগ করেছে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে সাইফুল ইসলাম ওরফে ‘ডাকাত মিঠু’ নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকের লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুই পুলিশ ও এক ইউপি সদস্যসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে মজিবুল হক, ইউপি সদস্য বেলাল হোসেনসহ ১০ জনকে আটক করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আওয়ামী লীগ নেতা মজিবুল হক ও তাঁর লোকজনের পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেন জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি ডাকাত মিঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় মজিবুল হক ও ডাকাত মিঠুর লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।