করোনা টিকাকেন্দ্রের বাইরে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা, আহত ১৫
রাজধানীর দনিয়ায় করোনার টিকাকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আজ বুধবার এ ঘটনা ঘটে। এই হামলায় অন্তত রোভার স্কাউটের ১৫ স্বেচ্ছাসেবী আহত হন।
তাঁদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন রোভার স্কাউট ঢাকা জেলার প্রতিনিধি মো. বিন হায়দার (২৪), সাদিক হোসেন (২০), জারিফ জাউদ (১৮), ফারহান আহমেদ (২০), ইব্রাহিম হোসেন (১৮), মোছা. তানিয়া ইসলাম (১৮) ও সাদিক ইসলাম ওরফে সিফাত (২০)।
রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোভার স্কাউটের সদস্যরা প্রথম আলোকে বলেন, তাঁরা রাজধানীর দনিয়ার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের টিকাকেন্দ্রের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে টিকা নিতে এসে লাইনে দাঁড়ানোর নিয়ম মানতে চাচ্ছিল না স্থানীয় শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল, তাদের আগে করোনার টিকা দিতে হবে। রোভার স্কাউটের সদস্যরা এতে সায় না দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল। আজ বেলা তিনটার দিকে কাজ শেষে কেন্দ্র থেকে বের হলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা রোভার স্কাউটের সদস্যদের ওপর হামলা চালান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে আহত স্কাউট সদস্যরা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন। কারও অবস্থা গুরুতর নয় বলে জানান বাচ্চু মিয়া।
যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ‘দনিয়ায় একটি মারামারির ঘটনা শুনেছি। সেখানে আমাদের পুলিশ গিয়েছিল। এর আগেই মারামারি থেমে যায়।’