কর্ণফুলী থেকে তিন জলদস্যু আটক
চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে জলদস্যু সর্দারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির মালামালসহ একটি মাছ ধরার নৌযান ও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস এবং তাঁর সহযোগী মো. ইউনুস ও উত্তম বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ইলিয়াস তাঁর মালিকানাধীন নৌযানের সাহায্যে দুই সহযোগীকে নিয়ে বঙ্গোপসাগরে বিভিন্ন মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে ইউনুস ও উত্তম বিশ্বাস গত ২৫ আগস্ট একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির কথা স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক তিনজনকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে কোস্টগার্ডের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়াহবে।