কর্ণফুলীর গ্রাহক প্রতারিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে প্রতিবছরই কোম্পানিটির ‘সিস্টেম গেইন’ হচ্ছে। স্বাভাবিকভাবে এটা হতে পারে না।
: বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, বিদ্যমান অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর দরকার নেই।


কম তাপ ও চাপে গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি গ্রাহকদের প্রতারিত করছে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানিতে কর্ণফুলীর দেওয়া প্রস্তাবেই এ তথ্য প্রকাশ পেয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বুধবার বিকেলে নিজ কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করে।
বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহের মতো সেবা প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) থাকাই স্বাভাবিক। কিন্তু কর্ণফুলীর প্রস্তাবে দেখা যায়, বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে প্রতিবছরই কোম্পানিটির ‘সিস্টেম গেইন’ হচ্ছে। সাধারণভাবে এর অর্থ হচ্ছে কোম্পানিটি যে পরিমাণ গ্যাস কেনে, বিক্রি করে তার চেয়ে বেশি। স্বাভাবিকভাবে এটা হতে পারে না। কিন্তু গ্রাহককে যে তাপে ও চাপে গ্যাস সরবরাহ করার কথা, তার চেয়ে কম তাপে-চাপে সরবরাহ করা হলে গ্রাহক আসলে গ্যাস কম পান। কিন্তু বিতরণ কোম্পানিটি অধিকাংশ ক্ষেত্রে যে মিটার ব্যবহার করে, তাতে তাপ-চাপের হিসাব মুখ্য নয়। মুখ্য হচ্ছে গ্যাসের আয়তন (ভলিউম)। তাপ-চাপ কম হলে গ্যাসের আয়তন বেড়ে যায়। কিন্তু প্রকৃত গ্যাস কমে। অথচ মিটারে তা ধরা পড়ে না। এভাবে কর্ণফুলী গ্যাস কোম্পানির গ্রাহকেরা প্রতারিত হচ্ছেন।
বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ২০১০ সালের ১ জুলাই। ওই বছরই (২০১০-১১ সাল) তাদের সিস্টেম গেইন হয় ৩ দশমিক ৯০ শতাংশ। এর পরের বছর হয় ৬ দশমিক ৭৫ শতাংশ। তার পরের বছর হয় ৮ দশমিক ৬৭ শতাংশ এবং আর গত বছর (২০১৩-১৪ সাল) হয় ৭ দশমিক ৯৭ শতাংশ। এর ফলে কোম্পানির লাভ বাড়ে। গ্রাহক ক্ষতিগ্রস্ত হন।
শুনানিতে অন্যান্য কোম্পানির মতো কর্ণফুলীও গড়ে ৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে। তবে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, বিদ্যমান অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর দরকার নেই। এমনকি সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের সম্পদমূল্য ২৫ টাকা নির্ধারণ করা হলেও কর্ণফুলীর গ্যাসের দাম বাড়ানোর দরকার নেই। কোম্পানিটি এমনিতেই লাভজনকভাবে চলছে।
গতকাল বিকেলে শুনানি হয় কর্ণফুলীর প্রস্তাবের ওপর। সকালে শুনানি হয় বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর।
শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ‘এনার্জি প্রাইসিং’ বিষয়ের গবেষক নুরুল ইসলাম বলেন, গ্যাসের অর্থনৈতিক মূল্য নির্ধারণে কোনো আপত্তি থাকার কথা নয়। তবে তা আইনসিদ্ধভাবে হতে হবে এবং কোন প্রক্রিয়ায় কী কাজে ব্যবহৃত হবে, তা স্পষ্ট করতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলম বলেন, গ্যাসের সম্পদমূল্য হিসেবে ২৫ টাকা কোম্পানিগুলোর আয় বাড়ানোর জন্য (রেভিনিউ রিকোয়ারমেন্ট) নয়। বিষয়টি কোম্পানিগুলোর কাছে আইনসিদ্ধ পদ্ধতিতেও আসেনি। কাজেই সম্পদমূল্যের অজুহাতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হতে পারে না।
সম্পদমূল্য নির্ধারণের প্রস্তাব আইনসিদ্ধ না হওয়ায় তার ভিত্তিতে কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আলোচনা চলতে পারে না উল্লেখ করে সিপিবির রুহিন হোসেন এই গণশুনানি স্থগিত করার দাবি জানান। গতকাল শুনানি চলাকালে একই দাবিতে বিইআরসি কার্যালয়ের সামনে সমাবেশও করে সিপিবি।
গতকালের শুনানিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী এবং বিজিএমইএর প্রতিনিধিসহ কয়েকজন গ্রাহক প্রতিনিধিও অংশ নেন। বিইআরসির চেয়ারম্যান এ আর খান ও সদস্য সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশিদ শুনানি গ্রহণ করেন।