কর্ণফুলীর ডিজিএমসহ দুজনকে জিজ্ঞাসাবাদ
পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক আবদুস সোবহান তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
তাঁরা হলেন প্রতিষ্ঠানটির সাবেক সচিব ও বর্তমান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমির হামজা ও সাবেক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। দুজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।
চলতি বছরের ২২ জুন চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেন ও জামিল আহমেদ আলীম এবং মহাব্যবস্থাপক চৌধুরী আহসান হাবীব। এঁদের মধ্যে সাবেক এমডি সানোয়ার হোসেনকে আজ দুদকে হাজির হওয়ার জন্য তলব করা হলেও তিনি হাজির হননি। জামিল আহমেদ আলীম ও চৌধুরী আহসান হাবীবকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, জনবল নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। কোম্পানির মহাব্যবস্থাপকের নেতৃত্বে কমিটির নিয়োগসংক্রান্ত সভায় তিনটি পদের জন্য ৩১টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জন। নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা এবং নারী কোটা যথাযথভাবে মানা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকলেও কম্পিউটার অপারেটর পদের মূল্যায়নে অভিজ্ঞতার জন্য কোনো নম্বর দেওয়া হয়নি।
জনবল নিয়োগের ক্ষেত্রে আগের নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য ৫০ নম্বর, মৌখিক পরীক্ষায় ১৫ আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩৫ নম্বর নির্ধারিত ছিল। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে নীতিমালা পরিবর্তন করে লিখিত পরীক্ষার ক্ষেত্রে ৪০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ১৫ ও মৌখিক পরীক্ষার জন্য ৩৫ নম্বর নির্ধারণ করে নতুন নীতিমালায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মেধাবী প্রার্থীরা লিখিত পরীক্ষায় ৪০ নম্বর পেয়েও চাকরি পাননি। পছন্দের প্রার্থীরা লিখিত পরীক্ষায় ১৫-২০ নম্বর পেয়েও চাকরি পেয়েছেন।
দুদকের একটি সূত্র জানায়, ২০১৩ সালের ২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘জ্বালানি খাতে দুর্নীতির শিরোমণি অধ্যাপক হোসেন মনসুর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে দুদক প্রথমে বিষয়টি আমলে নেয়। যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২০১৪ সালের শুরুর দিকে উপপরিচালক মো. আহসান আলীকে অধ্যাপক হোসেন মনসুর এবং পেট্রোবাংলার ১৩টি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। এরপর মো. আহসান আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে চলতি বছরের ১৩ এপ্রিল সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে দায়িত্ব দেয় কমিশন। অনুসন্ধান শেষে আবদুস সালাম পেট্রোবাংলার হোসেন মনসুরসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। কমিশন প্রতিবেদনটি আমলে না নিয়ে তাঁকেও অনুসন্ধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে অভিযোগটি নতুনভাবে অনুসন্ধানের জন্য উপপরিচালক ঋত্বিক সাহা ও সহকারী পরিচালক আল আমিনকে দায়িত্ব দেওয়া হয়।
এই দুই কর্মকর্তার যৌথ প্রতিবেদনে অধ্যাপক হোসেন মনসুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়। তবে শেষ পর্যন্ত পেট্রোবাংলার সাবেক এ চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে দুদক সূত্র জানিয়েছে, তদন্ত পর্যায়ে হোসেন মনসুরকেও দুদকে তলব করা হতে পারে।