কর্তব্যে অবহেলার দায়ে স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্তব্যে অবহেলার দায়ে এক উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে বরখাস্ত করা হয়। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ও স্থানীয় সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ১৯৮৪ সালে চাকরিতে যোগদান করেন। এর পর থেকে তিনি ওই কেন্দ্রেই কর্মরত ছিলেন। অরুয়াইল বাজারে তাঁর একটি ওষুধের দোকান আছে।
প্রতিদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে ১৫ বছর ধরে তিনি ওই দোকানে বসে টাকার বিনিময়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন—স্থানীয় ব্যক্তিদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও মোহাম্মদ এমরান হোসেন গত ২৯ আগস্ট সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে বিষয়টি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এরপর গতকাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (পার-২) তসলিম উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ আসে ইউএনওর কাছে।
সত্যতা নিশ্চিত করে এমরান হোসেন বলেন, কর্মস্থলে অনুপস্থিত এবং কর্তব্যে অবহেলার দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫-এর ১১(১) বিধি মোতাবেক রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।