বগুড়ার বাতিলঘোষিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কার্যক্রম চালুর পক্ষে উচ্চ আদালত থেকে রায় পেতে না-পেতেই শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের রশি টানাটানি শুরু হয়েছে।
দুই পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়টির কর্তৃত্ব নিজেদের বলে দাবি করেছে। গত বৃহস্পতি ও শনিবার বগুড়া প্রেসক্লাবে এসব সংবাদ সম্মেলন হয়।
নিজেকে পুন্ড্র ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি দাবি করে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) সাবেক পরিচালক আবদুল মান্নান বলেন, প্রতিষ্ঠানটির অনুমোদন বাতিলের পর দীর্ঘ আইনি লড়াই শেষে উচ্চ আদালত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর পক্ষে রায় দিয়েছেন। সেই অনুযায়ী তাঁরা বগুড়া শহরের লতীফপুর কলোনি এলাকায় সাজাহান টাওয়ারে অস্থায়ী ক্যাম্পাসে নতুন করে কার্যক্রম শুরু করেছেন। অথচ টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম কৌশলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে হাত করে রাতারাতি বিশ্ববিদ্যালয়টি অবৈধভাবে দখলে নিয়ে অন্য জায়গায় ক্যাম্পাস খুলে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
হোসনে আরা বেগমও নিজেকে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান দাবি করে বলেন, মান্নান সরকার বিশ্ববিদ্যালয়ের কেউ নন। তিনিসহ যাঁরা সংবাদ সম্মেলন করেছেন তাঁদের সঙ্গে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। আদালতের রায় পাওয়ার পর টিএমএসএসের প্রধান কার্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চলছে। অন্য কোথাও কেউ ক্যাম্পাস চালালে তা অবৈধ। যাঁরা সংসাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব দাবি করছেন—তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (হাই ফাউন্ডেশন) নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ২০০২ সালে বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করা হয়। এরপর ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করে। ২০১০ সালে ইউজিসি আইন সংশোধন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ট্রাস্ট করার বাধ্যবাধকতা বেঁধে দেয়। এরপর হাই ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের নিয়ে ‘পুন্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট’ গঠন করা হয়। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল ঘোষণা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর পক্ষে রায় দেন আদালত। এরপর টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ১১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর ঘোষণা দেন। ১৩ ডিসেম্বর পাল্টা সংবাদ সম্মেলন করে এর বিরোধিতা করে অন্য পক্ষটি। দুই পক্ষই শহরের আলাদা জায়গায় অস্থায়ী দুটি ক্যাম্পাস খুলে বসে।
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান এম এইচ এম শাহজাহান প্রথম আলোকে বলেন, মান্নান সরকার ট্রাস্ট বা হাই ফাউন্ডেশনের কেউ নন। তিনি হাই ফাউন্ডেশনের কর্তৃত্ব দাবি করে আদালতে মামলা দিয়েছেন। সেখানেই সুরাহা হবে। আর টিএমএসএসের নির্বাহী হোসনে আরা বেগম পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি ট্রাস্টের সহসভাপতি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর আদালতের রায় পাওয়ার পর বিধিমোতাবেক হোসনে আরাসহ ট্রাস্টের অন্যদের নিয়ে কার্যক্রম চালু করা হয়েছে।