কর্তৃপক্ষের ভুলে কাঁদল এইচএসসি পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার মূল সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। কিন্তু ভুল করে প্রশ্নপত্রে লেখা হলো ২ ঘণ্টা ২০ মিনিট। আর প্রশ্নপত্রে লেখা সময় অনুযায়ী পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা টেনে নিলেন কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকেরা। ১৫ মিনিট আগেই খাতা নিয়ে নেওয়ায় জানা থাকলেও কিছু প্রশ্নের উত্তর দিতে পারল না পরীক্ষার্থীরা। কাঁদতে কাঁদতে হল ছাড়ল তারা।
এই ঘটনা ঘটেছে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (সৃজনশীল) প্রথম পত্রের পরীক্ষায়। তেজগাঁও কলেজ কেন্দ্রের কয়েকটি কক্ষে এই ঘটনা ঘটেছে। এই কলেজে পরীক্ষা দিচ্ছে হলিক্রস কলেজের ছাত্রীরা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, পদার্থবিজ্ঞানের পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। কিন্তু প্রশ্নপত্রের মডারেটর বা সেটারের ভুলের কারণে সময়টা ২ ঘণ্টা ২০ মিনিট লেখা হয়েছে। বিষয়টি জানার পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সব কেন্দ্রসচিবকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে মূল সময় অনুযায়ী পরীক্ষা নিতে বলা হয়। কিন্তু এই কলেজ কেন্দ্রের সচিব কেন তা অনুসরণ করলেন না, তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও এই কেন্দ্রের সচিব আবদুর রশীদ বলেন, শুধু তিনটি কক্ষেই এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে।