কর্মকর্তা আটক, কারণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষককে আটক নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইয়াবা রাখার অভিযোগে তাঁকে আটক করা হয়। আর পুলিশ বলছে, ইয়াবা নয়, হাসপাতালের অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল।
গত বৃহস্পতিবার বেলা একটার দিকে হাসপাতালের ফটকের পাশ থেকে হিসাবরক্ষক মহিউদ্দিন মারুফকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেল পাঁচটার দিকে তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়।
মহিউদ্দিন মারুফ আটকের পর হাসপাতালের উপপরিচালক সাংবাদিকদের বলেছিলেন, ইয়াবা থাকার সন্দেহে তাঁকে আটক করেছে পুলিশ। কিন্তু তাঁকে ছেড়ে দেওয়ার পর পুলিশ বলেছে, হাসপাতালের ওষুধ পাচার ও অন্যান্য অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হিসাবরক্ষককে আটক করা হয়েছিল।
হাসপাতালের উপপরিচালক গাজি সাইফুল আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, অফিস চলাকালে আটক হয়েছিলেন হিসাবরক্ষক। এ জন্য তিনি তৎক্ষণাৎ গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেন। তখন পুলিশ তাঁকে বলেছিল, হিসাবরক্ষকের কাছে ইয়াবা আছে, এমন তথ্যের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।
তবে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বাইরে ছিলেন। ঘটনার সময় পরিদর্শক রেজাউস সাদিক দায়িত্বে ছিলেন। তিনি জানতে পারেন।
যোগাযোগ করা হলে রেজাউস সাদিক বলেন, তিনিও এ ব্যাপারে কিছু জানেন না। তিনি গোয়েন্দা পুলিশের এডিসি আতিকুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এডিসি আতিকুর রহমান দাবি করেন, হাসপাতালের অভ্যন্তরীণ অনিয়মের বিষয়ে কথা বলার জন্য হিসাবরক্ষককে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মহিউদ্দিন মারুফের কাছে ইয়াবা আছে, হাসপাতালের উপপরিচালককে দেওয়া পুলিশের এমন তথ্যের বিষয়ে আতিকুর রহমান বলেন, হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়নি। অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা হতে পারে।
আতিকুর রহমান বলেন, হিসাবরক্ষক নিজেই বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন কথা বলেছেন। ইয়াবা উদ্ধারের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। যাঁকে ধরে আনা হয়েছিল, তাঁকে জিজ্ঞেস করলেই সত্য ঘটনা জানা যাবে।
জানতে চাইলে মহিউদ্দিন মারুফ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর কাছে ইয়াবা আছে বলে পুলিশ সন্দেহ করেছিল। কিন্তু তাঁর কাছে কিছুই পাওয়া যায়নি। তাঁর পকেটে স্ত্রীর জন্য কেনা ওষুধ ছিল। পুলিশ প্রথমে মনে করেছিল, এগুলো হাসপাতালের ওষুধ। তাই পুলিশ হাসপাতালের ওষুধ পাচারের বিষয়েও তাঁকে প্রশ্ন করেছে।
যোগাযোগ করলে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ বলেন, ইয়াবা না, হাসপাতালের ওষুধ পাচারসহ অভ্যন্তরীণ অনেক অনিয়ম রয়েছে। লাশবাহী গাড়িরও সিন্ডিকেট রয়েছে। এসব অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই হিসাবরক্ষককে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তাঁরা বেশ কিছু তথ্য পেয়েছেন। হাসপাতালের পরিচালকের সঙ্গেও তাঁদের কথা হয়েছে।
তমিজউদ্দীন আহমেদ বলেন, হাসপাতালে অনেক ব্যাপার রয়েছে। তাঁরা মানুষকে ভয় দেখিয়ে কোনো কাজ করতে চান না। গায়ে হাত বুলিয়ে করতে চান। কিন্তু কাজ করতে গেলে ভয় না দেখালেও হচ্ছে না। এ জন্যই তাঁকে (মহিউদ্দিন মারুফ) তুলে আনা হয়েছিল।