কর্মকর্তাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে তাঁর মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই কর্মকর্তার নাম তাজুল ইসলাম (৪৮)। তিনি একটি ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। তাঁর বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে। তাঁকে মঙ্গলবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাজুল ইসলাম গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে পেশাগত কাজ শেষে সরাইল উপজেলার শাহবাজপুর বাজার থেকে মোটরসাইকেলে জেলা সদরে ফিরছিলেন। সরাইল উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। এ সময় তারা তাঁকে কুপিয়ে মোটরসাইকেল, ১৮ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা পাঠানো হয়।