কর্মকর্তাকে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেডের এক কর্মকর্তাকে কুপিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

ওই কোম্পানির কর্মকর্তা আশরাফুজ্জামানকে (৩০) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কোম্পানির যশোর ডিপোর হিসাব কর্মকর্তা। বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামে। এ ঘটনায় কোম্পানির যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম মালিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওষুধ বিক্রির ৫ লাখ ৪৫ হাজার টাকা কোম্পানির ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য বেলা ১১টার দিকে উপশহর এলাকার ডিপো কার্যালয় থেকে রিকশায় করে আশরাফুজ্জামান ও অপর হিসাব কর্মকর্তা এহতেশামুল হাসান (৩৬) শহরের দিকে যাচ্ছিলেন। শহরের ঘোপ কবরস্থান মসজিদের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত রিকশা থামিয়ে আশরাফুজ্জামানের ডান হাতের কবজিতে চাপাতির কোপ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

কোম্পানির ডিপো কার্যালয়ের ইনচার্জ আমিনুল ইসলাম মালিক বলেন, প্রতিদিনের ওষুধ বিক্রির টাকা শহরের পূবালী ব্যাংক শাখায় কোম্পানির হিসাবে জমা দেওয়া হয়। দুজন কর্মকর্তা অফিস থেকে ওই টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এহতেশামুল হাসান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আশরাফুজ্জামানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ছিনতাইয়ের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।