কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় কারখানা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার এক কর্মকর্তাকে চাকুরিচ্যুতির প্রতিবাদে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটী ডয়েজল্যান্ড অ্যাপারেলস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিপেটায় ১৫ শ্রমিক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার কারখানার উৎপাদন ব্যবস্থাপক ইকবাল হোসেনকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ খবরে গতকাল সকালে ক্ষুব্ধ হন কারখানার শ্রমিকেরা। তাঁরা ইকবালের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় দুপুরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানার জানালা-দরজার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের অভিযোগ, ইকবালকে অনৈতিকভাবে বরখাস্ত করা হয়েছে। পোশাক কারখানাটির মালিক আরিফুর রহমান বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইকবালকে বরখাস্ত করা হয়েছে।