কর্মকর্তাকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গাঁজা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে না ছাড়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে জেলা কারাগারের মূল ফটকের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নুরুল আলম গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, ছাত্রলীগ নেতা সাগর মিয়া, সাফায়েত উদ্দিন, রিফাত, অনিক বসাক, হুমায়ুন কবির, রাসেল মিয়া, জুনায়েদ আহমেদ, সিয়াম, মো. শুভ ও মুবাশ্বেরসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাত কাজলা গ্রামের কামরুজ্জামান নিজামের ছেলে মো. প্রান্ত (১৯) ও কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তাইম (১৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের ভাষ্য, বুধবার সন্ধ্যায় জেলা শহরের নরসুন্দা নদীর পাড় থেকে প্রান্ত ও তাইমকে গাঁজাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রান্তর কাছ থেকে ১০০ গ্রাম ও তাইমের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে রাতেই জেলা জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দুজনের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই রাতেই দুজন সিপাহি নিয়ে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আলম সাজাপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে হস্তান্তর করেন। এরপর ফেরার পথে কারাগারের মূল ফটকের কাছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নুরুল আলমের ওপর হামলা করেন। তাঁকে লাথি, কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সাজার পর আসামিদের কারাগারে বুঝিয়ে দিয়ে ফেরত আসার সময় তাঁরা অতর্কিতে হামলা চালিয়ে নুরুল আলমকে মারধর করে মাটিতে ফেলে দেন। এ সময় কারারক্ষীরা এগিয়ে গেলে ছাত্রলীগের নেতারা দ্রুত স্থান ত্যাগ করেন।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী মুঠোফোনে বলেন, ‘কারা ফটকের কাছে আমরা শুধু নুরুল আলমকে জিজ্ঞেস করেছি, বারবার অনুরোধ করার পরও এসএসসি পরীক্ষার্থী দুজন ছাত্রকে কেন সাজা দেওয়া হলো। কয়েক দিন পরেই তাঁদের টেস্ট পরীক্ষা। পরীক্ষা দিতে না পারলে তাঁরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। এসব কথা-কাটাকাটির সময় ছাত্রলীগের দু-একজন নেতা তাঁকে ধাক্কা মারলে তিনি (নুরুল) মাটিতে পড়ে যান।’
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।