কর্মকর্তাকে থাপড় মারার অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হিয়া কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টারের জন্য পাঠ্যপুস্তক না দেওয়ায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রুকনুজ্জামানকে থাপড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের টেবিলে থাকা ফাইলপত্র ছুড়ে ফেলেন এবং চেয়ারে লাথি মারেন।
অবশ্য জহুরা লতিফ এ অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে বেগম জহুরা লতিফ তাঁর হিয়া কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টারের জন্য প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯২ সেট পাঠ্যপুস্তক দেওয়ার জন্য উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রুকনুজ্জামানের কাছে একজন পিয়ন পাঠান। পাঠ্যপুস্তকের চাহিদাপত্র না থাকায় ওই কর্মকর্তা পিয়নকে বই দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পেরে বিকেল চারটার দিকে ওই কার্যালয়ে এসে কর্মকর্তার ওপর চড়াও হন।
এ ব্যাপারে রুকনুজ্জামান বলেন, পাঠ্যপুস্তকের জন্য জহুরা লতিফ সময়মতো চাহিদাপত্রের মাধ্যমে আবেদন করেননি। এখন পাঠ্যপুস্তক দেওয়া শুরু হয়েছে। হঠাৎ তিনি বই চেয়েছেন। কয়েক দিন পর বই দিতে চাইলে জহুরা লতিফ ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ‘একপর্যায়ে তিনি আমাকে থাপড় মারেন এবং টেবিলে থাকা ফাইলপত্র ছুড়ে ফেলেন ও চেয়ারে লাথি মারেন।’
জহুরা লতিফ থাপড় মারার কথা অস্বীকার করে বলেন, ‘ওই শিক্ষা কর্মকর্তা চার দিন ধরে বই দেওয়ার জন্য ঘুরাচ্ছিলেন। সোমবার বিকেলে আমার একজন পিয়নকে বইয়ের জন্য অফিসে পাঠালে ওই কর্মকর্তা বই দিতে রাজি না হয়ে বরং আমাকে উদ্দেশ করে পিয়নের সামনেই গালি দেন। বিষয়টি জানতে পেরে তাঁর অফিসে গিয়ে জানতে চাই, কেন আমাকে গালি দেওয়া হয়েছে। তখন তিনি কোনো উত্তর দেননি। এ সময় আমি রেগে তাঁকে গালিগালাজ করেছি।’