পাবনার ঈশ্বরদী উপজেলায় গত বৃহস্পতিবার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি নুরুল ইসলাম ফরাজীকে (৩৫) পিটিয়ে অর্থ লুটের অভিযোগ উঠেছে।
বাঁধন খন্দকার নামের ওই নেতা মুলাডুলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই রাতেই বাঁধনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তা এবং এলাকার কয়েকজন জানান, মুলাডুলি বাজারে বেসরকারি ঋণদান সংস্থার কার্যক্রম শুরুর পর থেকে বাঁধন চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন।
আহত নুরুল ইসলাম অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে বাঁধনের নেতৃত্বে একদল যুবক তাঁর কার্যালয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি তাঁদের চাঁদা দেননি। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাঁধন ও তাঁর তিন বন্ধু সমিতির কার্যালয়ে এসে দরজা-জানালা বন্ধ করে তাঁকে মারতে শুরু করেন। এ সময় তাঁরা তাঁর পকেট থেকে ২০ হাজার ও ক্যাশ থেকে লক্ষাধিক টাকা ও একটি মুঠোফোন লুট করে নিয়ে যান। তিনি প্রতিবাদ করলে তাঁরা তাঁকে কক্ষ থেকে বের করে এনে রাস্তায় পেটাতে থাকেন। মুলাডুলি বাজারে এনেও তাঁরা তাঁকে পেটান। এ সময় তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে বাঁধন ও তাঁর বন্ধুরা তাঁকে সেখান থেকে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নেন। সেখানেও তাঁকে পেটানো হয়। সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় নুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মুলাডুলি বাজারের এক ব্যবসায়ী বলেন, ছাত্রলীগের মারধর দেখে মনে হচ্ছিল, দেশে আইন বলে কিছু নেই।
মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, দলের নিয়মশৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাতেই বাঁধনকে দল থেকে বহিষ্কার করা হয়।
বাঁধন আত্মগোপনে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস গতকাল বিকেলে জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।