কর্মকর্তাকে হত্যা, এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি পোশাক কারখানার কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই কর্মকর্তার এটিএম কার্ড ব্যবহার করে ব্যাংকের বুথ থেকে টাকাও তুলেছে।
এদিকে কালিয়াকৈরের কালামপুরে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া টঙ্গীর পাগার এলাকায় সোমবার রাতে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গাজীপুরের পালেরপাড়া এলাকায় আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়।
পোশাক কারখানার নিহত কর্মকর্তার নাম মো. মাসুম (৩৫)। তাঁর বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার গুলকুটি দক্ষিণ মুন্সিপাড়া এলাকায়। তিনি কালিয়াকৈরের ডিভাইন ফেব্রিকসের উৎপাদন কর্মকর্তা ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাসুম আট মাস ধরে ওই কারখানায় কাজ করছেন। গত রোববার তিনি যথাসময়ে কারখানায় যান। বিকেলে তাঁর মেয়ের সঙ্গে কথাও হয়। তবে রাতে তিনি বাসায় ফেরেননি। পরদিন মাসুমের ছোট ভাই মো. সোহেল কালিয়াকৈর থানায় জিডি করেন। তবে মাসুমের এটিএম কার্ড ব্যবহার করে রোববার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার একটি ব্যাংকের বুথ থেকে দুবারে ২০ হাজার ও ১৫ হাজার টাকা ওঠায় দুর্বৃত্তরা। সোমবার সকাল ছয়টার দিকে সফিপুর বাজারে একই ব্যাংকের বুথ থেকে সাড়ে তিন হাজার টাকা ওঠানো হয়। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর আনসার একাডেমির লেকে তাঁর লাশ ভেসে ওঠে। লাশের হাত-মুখ ও চোখ কারখানার পরিত্যক্ত কাপড়ের টুকরা দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের কয়েকটি ক্লু পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে, কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজার টেক এলাকা থেকে গতকাল বরিশাল সদরের মোল্লাপাড়া এলাকার অসীম চৌধুরীর (২৮) লাশ উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী বলেন, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। তাঁর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন আছে।
টঙ্গীর পাগার এলাকায় নিহত ব্যক্তি হলেন ঝুট ব্যবসায়ী মো. রাজু দেওয়ান (২৭)। টঙ্গী থানার এসআই আবুল বাশার বলেন, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাউদ্দিন, রুবেল, সুমন ও আল আমিনের সঙ্গে রাজুর ব্যবসায়িক বিষয় ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত সাড়ে নয়টায় সালাউদ্দিন রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর ফকির মার্কেটের পাশের একটি গলিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় রাজুকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের পালেরপাড়া এলাকায় সোমবার রাতে রতন মাঝি (৫৫) নামের আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়। জয়দেবপুর থানার এসআই রুহুল আমিন বলেন, সম্প্রতি রতন মাঝির এক প্রতিবেশীর বোন পালিয়ে অন্যত্র বিয়ে করেন। এ নিয়ে মামলা হয়। এ মামলার সাক্ষী ছিলেন রতন। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এনায়েতনগর পূর্বপাড়ার একটি আমগাছ থেকে গতকাল ভোরে জানে আলম ডালিম (৩০) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ জহিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।