কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় কারখানা কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত ব্যক্তির বড় ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে ওই মামলা করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, দিনাজপুরের কোতোয়ালি থানার গুলপুঠি দক্ষিণ মুন্সিপাড়া এলাকার মোহাম্মদ মাসুম (৩৫) কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেডের উৎপাদন কর্মকর্তা ছিলেন। ওই কারখানায় কাজ করার সময় কারখানার বর্তমান মহাব্যবস্থাপক সেলিম হোসেন, সাবেক মহাব্যবস্থাপক মো. আশরাফ, সহকারী মহাব্যবস্থাপক মো. রিপন ও টাইম কিপার জসিম উদ্দিনের সঙ্গে কাজ নিয়ে তাঁর বিরোধ হয়। ওই বিরোধের জের ধরেই মাসুকে হত্যা করা হয়েছে।
মাসুমের বড় ভাই মোশাররফ হোসেন বলেন, ওই চার কর্মকর্তা অজ্ঞাতনামা লোকজন দিয়ে তাঁর ছোট ভাইকে হত্যা করান। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গত রোববার কাজ শেষে মাসুম আর বাসায় ফেরেননি। তাঁর স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। গত মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর আনসার একাডেমির লেক থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।